পরোক্ষ প্রেম – ২

আমি লজ্জিত।

তোমার পরোক্ষ-প্রেমে নিমজ্জিত।

যে প্রেমে ভেজেনা আকাশ; কাঁদেনা চাঁদ

নয় শুধু সে কথায় সজ্জিত। 

আমি দুঃখিত।

আসলে পরোক্ষ-প্রেমেই মুক্তি ত।

সেখানে নেই অভিমান নেই যে দাবী

নেই আবেগের ছলছুতো।

আমি বলছিতো।

সত্যি! ঠিক যেন রূপকথার মত।

সেথা কয়লা আছে, কান্না আছে, শান্তি আছে;

এমন প্রেম-ই শক্তি গো।

তুমি শুনছ ত?

যেখানে নাকি স্বপ্ন আছে সঞ্চিত!

সেখানে দায়িত্ব আছে স্থায়িত্ব আছে

তেমন মালা-ই বুনছি ত।

আমি গর্বিত।

তোমায় দিয়ে আমার আমি গড়ছি ত।

আমি না চাইতেও বারংবার

তোমার প্রেমেই পরছি ত।

১২.০৭.২০১৮

অস্ত্র

মেরুদণ্ড লাগবে কয়েকটা;

অস্ত্র বানাব আধুনিকের।

যাতে ভর দিয়ে শিরদাঁড়াগুলো দাঁড়াতে পারে।

যাতে মেরুহীন হয়ে খণ্ডনায়কদের দণ্ড দিতে পারে।

যাতে বইয়ের শব্দগুলো আবার শক্তি পায়।

তেমন তেত্রিশখানা হারের মালাচাই।

চাই দধীচির পাঁজরগুলো;

যাতে গড়ব ক্ষমা-অহিংসার কামান।

রক্ত চাই যীশুর আবার;

তবে এবার মদ-না হয়ে কালির রূপে

চেতনার সাহিত্যে করুক অবস্থান।

২২.০৫.২০১৮